রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের ঐতিহ্যবাহী মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবনির্মিত ছয়তলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এই ভবনটি নির্মাণ হওয়ায় কলেজের বিজ্ঞান শিক্ষা এবং সামগ্রিক শিক্ষার মান আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রোববার (১৬ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত শুভ উদ্বোধন, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ও নতুন ভবন উদ্বোধন কমিটির আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আঃ করিম সাদেকী রাজু।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি কলেজ সমূহের বিজ্ঞান শিক্ষা সুযোগ সম্প্রসারণ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে এই ছয়তলা বিশিষ্ট ভবনটি নির্মিত হয়েছে। ভবনটির নির্মাণ কাজটি সম্পন্ন করেছেন বসুন্ধরা হাউস বিল্ডাসের স্বত্বাধিকারী রাহেদুজ্জামান রোমাঞ্চ।
সংশ্লিষ্টদের মতে, নবনির্মিত এই ছয়তলা একাডেমিক ভবন বা বিজ্ঞান ভবনটি চালুর ফলে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি সংকট নিরসন হবে। এর মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও আধুনিক, গতিশীল ও সম্প্রসারিত হবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এটি এক নতুন মাইলফলক হয়ে থাকবে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে এক আনন্দঘন পরিবেশে মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।