রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শোভাযাত্রায় অংশগ্রহন করেন খন্দকার আবু আশফাক এমপি। শুভাশীস গোম্বামী:: ইলিশ মাছ নিধন ও বালু লুটেরাদের সাথে কোনো আপোস নেই। তারা যত শক্তিশালী হোক ছাড় দেয়া হবে না। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় আলোচনা সভা, শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে দোহার নবাবগঞ্জের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি এ কথা বলেন।
রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর শোভাযাত্রা শেষে উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় কারেন্ট জাল ও চায়না দুয়ারিকে “না ” বলার আহবান জানান আলোচকরা।
মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এতে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম।
আলোচনা সভার আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য।

পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আলোচনা সভায় সংসদ সদস্য আশফাক বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলাশয়ের পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, দোহার উপজেলা পদ্মা নদী বেষ্টিত এখানে ইলিশের প্রজনন মৌসুমে একটি চক্র রাতের আঁধারে পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ নিধন করে। এ বিষয়ে কঠোর হতে আহবান জানান তিনি। এছাড়া নদীর পাড় জুড়ে অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম কমাতে প্রশাসনকে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।
এমপি বলেন, বালু লুটকারী যত শক্তিশালী বা যে দলের নেতাই হোক না কেন জনদুর্ভোগ লাঘবে তাকে দমন করতে হবে।

শ্রেষ্ঠ মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রবিউল ইসলাম, দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক, নৌ পুলিশের পরিদর্শক সাইহান মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর বিএনপির নেতা আব্দুল কুদ্দুস, হায়দার আলী হিরু প্রমুখ।