শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েসপুর সীমান্ত এলাকা থেকে ভারতে পাচার কালে ৯টি সোনার বার (এক কেজি ৮৬৩ গ্রাম) সহ রাকিব হোসেন (১৯) নামে এক চোরাচালানীকে আটক করেছে ঝিনাইদহ বিজিবি। যার আনুমানিক মুল্য আটাশি লাখ টাকা। সে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সোনার বার গুলো উদ্ধার করা হয়। বিকেলে সংবাদ সম্মেলনে বিজিবি’র ঝিনাইদহ ৫৮ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ জসিম উদ্দিন জানান, আটক রাকিব হোসেন সোনার বার গুলো সীমান্ত পার করতে নিয়ে যাচ্ছিল। এসময় গয়েসপুর ক্যাম্পের বিজিবি’র টহল দল গোয়ালপাড়া মাঠে রাস্তার উপর থেকে তাকে আটক করে। তার দেহ তল্লাশী করে সোনার বার গুলো উদ্ধার করা হয়। এব্যাপারে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত সোনা চুয়াডাঙ্গা কাস্টমস এ জমা দেওয়া হবে বলে বিজিবি কর্মকর্তা জানান।