শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
‘জুলাই সনদ’ কার্যকর এবং গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে রাজপথে নামছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর প্রাণকেন্দ্র বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
জোটের লিঁয়াজো কমিটি সূত্রে জানা গেছে, আজ বাদ আসর এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সাংবিধানিক সংস্কারের প্রশ্নে নিজেদের অবস্থান জানান দিতেই এই বড় জমায়েতের ডাক দিয়েছে তারা।
এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের এই কর্মসূচির কথা নিশ্চিত করেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বা ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এখন সময়ের দাবি। সেই লক্ষ্যেই আজ তারা রাজপথে বিক্ষোভ প্রদর্শন করবেন।
এদিকে জোটের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করতে আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক থেকেই পরবর্তী বৃহত্তর আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।