মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

গেইল এবার বিদেশি লিগে দল কিনলেন 

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক:: ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ফ্র্যাঞ্চাইজি গ্লাসগো মুগাফিয়ান্সের অন্যতম কর্ণধার হলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট ক্রিস গেইল। ভারতভিত্তিক মুগাফি কোম্পানির অন্যতম মালিক বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এই ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করে এবার তার সঙ্গে সহমালিক হলেন গেইল।

ইটিপিএল-এর উদ্বোধনী আসর শুরু হবে ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ছয় ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ৩৩ ম্যাচ হবে এই প্রতিযোগিতায়। স্কটল্যান্ডের গ্লাসগোর সঙ্গে অন্য দলগুলো হলো- আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম।

গ্লাসগো ফ্র্যাঞ্চাইজি প্রসঙ্গে ইটিপিএল-এর সহমালিক অভিষেক বলেন, এই যাত্রায় মুগাফি গ্রুপ ও ক্রিস গেইলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ইটিপিএল এমন একটি প্ল্যাটফর্ম যা প্রতিভাকে বিকশিত করতে এবং ইউরোপকে বিশ্ব ক্রিকেটের একটি শক্তিশালী নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারে।

গেইল বললেন, গ্লাসগো মুগাফিয়ান্সের সহমালিকের ভূমিকায় আসাটা আমার জন্য এক রোমাঞ্চকর নতুন অধ্যায়ের সূচনা। ইটিপিএল ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করছে এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে আমি আত্মবিশ্বাসী যে এটি বিশেষ কিছু হবে। এর মধ্যে সম্ভাবনা রয়েছে প্রতিশ্রুতিশীল স্থানীয় প্রতিভাদের খুঁজে বের করার এবং ভবিষ্যতের নায়কদের লালন করার, যারা এই অঞ্চলের খেলাকে আরও শক্তিশালী করবে।

এরই মধ্যে বিশ্ব ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের কিছু রথি-মহারথিরা এই লিগে নাম লিখিয়েছেন। আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট লিজেন্ড স্টিভ ওয়াহ ও হকি আইকন জেমি ডায়ার। দলটির অধিনায়ক মিচেল মার্শ। বেলফাস্টের সহমালিক গ্লেন ম্যাক্সওয়েল, এডিনবার্গে আছেন নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার কাইল মিলস ও নাথান ম্যাককালাম, অধিনায়ক মিচেল স্যান্টনার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com