মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে, ফলে দিনভর নির্বাচন কমিশন কার্যালয়ে প্রার্থীদের ভিড় ও তৎপরতা লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, বিকেলের মধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হবে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদের সাধারণ আসনের আনুপাতিক হারের ভিত্তিতে এবার সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হয়েছে।

আসন বণ্টন অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ৩৬টি আসন, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট পেয়েছে ১৩টি আসন এবং স্বতন্ত্র মোর্চার জন্য বরাদ্দ রয়েছে ১টি আসন। ইতোমধ্যে বিএনপি তাদের ৩৬ জন নারী প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াত ও শরিক দলগুলোও ১৩ জন প্রার্থীর নাম নির্ধারণ করেছে।

ইসির তথ্য অনুযায়ী, ৫০টি আসনের বিপরীতে এখন পর্যন্ত ৪৬৪ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ইতোমধ্যে কয়েকজন আলোচিত নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- সানজিদা ইসলাম তুলি, নিলোফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ এবং নিপুন রায় চৌধুরী।

নির্বাচনী সময়সূচি অনুযায়ী, আগামী ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ২৬ এপ্রিল বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে এবং ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে।

এছাড়া ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রয়োজন হলে আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে সাধারণত দলগুলো তাদের বরাদ্দকৃত আসনের বিপরীতে অতিরিক্ত প্রার্থী দেয় না। ফলে প্রার্থিতা প্রত্যাহারের পর কোনো আসনে একাধিক প্রার্থী না থাকলে সংশ্লিষ্ট প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। তবে একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com