মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর::
গাজীপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইকবাল মাহমুদের বাড়ির ভাড়াটে শাহ আলম (৩৮), তার স্ত্রী মনিরা বেগম (৩০), শিশুপুত্র বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)। শাহ আলম ও তার স্ত্রী স্থানীয় একটি গার্মেন্টে চাকরি করতেন। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
পুলিশ জানায়, শাহ আলম পরিবার নিয়ে একটি রুমে থাকতেন। ঘরের বারান্দা না থাকায় ঘরেই সিলিন্ডার গ্যাসে রান্না করতেন। বুধবার কারখানা থেকে ফিরে মনিরা বেগম রান্না করছিলেন। হঠাৎ ঘরে আগুন ধরে যায়। এতে মেয়ে ফাতেমা দগ্ধ এবং বাকিরা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আগুনে ঘরের মালামালও পুড়ে গেছে। খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
বাসন থানার ওসি এ কে এম কাউসার চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।