বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের চামড়া খাতে অর্থপ্রবাহ বাড়াতে নীতিগত সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম সহজ করতে ব্যবসায়ীদের জন্য চলতি মূলধন ঋণ গ্রহণের শর্ত শিথিল করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, যেসব ব্যবসায়ীর পুনঃতফসিল করা ঋণ রয়েছে, তাদের ক্ষেত্রে নতুন ঋণ গ্রহণের সময় পুরোনো ঋণের কিস্তি নিয়মিত পরিশোধের বাধ্যবাধকতা সাময়িকভাবে শিথিল থাকবে। এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, মৌসুমি এই গুরুত্বপূর্ণ সময়ে চামড়া খাতে পর্যাপ্ত অর্থের সরবরাহ নিশ্চিত করাই মূল উদ্দেশ্য। নীতিনির্ধারকদের ভাষ্য অনুযায়ী, চামড়া শিল্প দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস এবং একইসঙ্গে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ খাত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সারা বছরে চামড়া শিল্পে ব্যবহৃত কাঁচামালের প্রায় অর্ধেকই আসে ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়া থেকে। ফলে এই সময়ে বাজারে অর্থের সহজলভ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এছাড়া ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, কাঁচা চামড়া ক্রয়ের জন্য চলতি মূলধন ঋণ দ্রুত অনুমোদন ও বিতরণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের কাছে অর্থ পৌঁছে দিতে আলাদা গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, যাতে গ্রামাঞ্চল থেকে চামড়া সংগ্রহ কার্যক্রম নির্বিঘ্ন থাকে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি ব্যাংককে চামড়া খাতে ঋণ বিতরণের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। ২০২৬ সালের জন্য নির্ধারিত এই লক্ষ্যমাত্রা ২০২৫ সালের ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম রাখা যাবে না। নির্ধারিত লক্ষ্যমাত্রা ও বিতরণ সংক্রান্ত তথ্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com