বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

হরমুজ প্রণালি স্থগিতের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: হরমুজ প্রণালিতে বিভিন্ন দেশের জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প বলেন, পাকিস্তানসহ একাধিক দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে অগ্রগতির কারণে আপাতত এই অভিযান স্থগিত রাখা হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং তা পুরোপুরি কার্যকর রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করা সম্ভব কি না—তা যাচাই করতেই ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আক্রমণাত্মক ধাপ শেষ হয়েছে। তিনি ইঙ্গিত দেন, এখন কূটনৈতিক সমাধানের দিকেই অগ্রসর হচ্ছে ওয়াশিংটন।

রুবিও জানান, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চায়, যার মাধ্যমে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালিতে চলমান সামরিক কার্যক্রমকে সরাসরি যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে না। ফলে এ ধরনের কার্যক্রম পরিচালনায় কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই বলেও দাবি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা জোরদারের একটি ইঙ্গিত বহন করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com