বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি::
কোটচাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা মরহুম সাজ্জাদ হোসেন চৌধুরী ও তার পরিবারের সম্পত্তি জোর দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। গত শুক্রবার সকালে মরহুম মুক্তিযোদ্ধার বোন ও স্থানীয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব:) সংবাদ সম্মেলন করে এঘটনার প্রতিবাদ জানিয়েছেন। বীর মুক্তিযোদ্ধার মরহুম পিতা-শাহাদৎ হোসেন চৌধুরীর বাগান বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, তার মরহুম পিতা-শাহাদৎ হোসেন চৌধুরী ১৯৭৩ সালের ১৫ অক্টোবর তার নিজ ক্রয়কৃত ১১.৫ একর জমি তার মা রাশিদা খাতুনের নামে হেবা দলিল করে দেন। এরপর থেকে উক্ত সম্পত্তি ৫ ভাই, বোন দখল করছেন। পিতা-মাতার মৃত্যুর পর উক্ত জমির নাম খারিজ, খাজনা পরিশোধ সহ আর.এস. রেকর্ড ও ৫ ভাই, বোনের নামে আসে। কিন্তু তার সৎ ভাই ভূমি দস্যু আনোয়ার হোসেন চৌধুরী ও তার দুই পুত্র রানা, ঝনা এ সম্পত্তি জোর পূর্বক দখলের চেষ্টা করছেন। ৪৫ বছরের দখলে থাকা এ জমির লীজ গ্রহীতাদেরও নানা রকম ভয় ভীতি ও হয়রানী করা হচ্ছে। লীজ গ্রহীতা শহিদুল ইসলাম জানান, তার এক বিঘা জমির ৪ শ’ কলা গাছ উপড়ে ফেলা হয়েছে। লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, ৮ বিঘা জমি তিনি আবাদ করছেন। এ বছর এখানে পেয়ারা চাষ করা হয়েছে। এ জমি থেকেও উচ্ছেদ করার জন্য ঝনার পোষ্য লোকজন তাকে প্রতিনিয়ত চাপ দিচ্ছেন। জিন্নাত আলী বলছেন, ২ বিঘা জমির চাষ তার। তারও ১০ কাঠা জমির কলা গাছ কেটে দেওয়া হয়েছে। ধারাবাহিক ফসল হানির ঘটনায় লীজ গ্রহীতার পক্ষ থেকে জিন্নাত আলী থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং-৩০৯। সংবাদ সম্মেলনে আমিনা চৌধুরী আরো বলেন, আমার বড় ভাই, ছোট ভাই ও বোন মৃত্যু বরণ করেছেন। মেঝ ভাই কানাডা প্রবাসি। শুধু আমি বৃদ্ধ স্বামীকে নিয়ে কোটচাঁদপুরে বসবাস করি। আমার বড় ও ছোট ছেলেও দেশের বাইরে থাকে। এ সুযোগকে কাজে লাগিয়ে আমার সৎ ভাই ও তার ছেলেরা আমার ভোগ দখলীয় সম্পত্তি জোর দখলের চেষ্টায় লিপ্ত রয়েছেন। তাছাড়া এ জমিতে মহামান্য হাইকোর্টের স্থিতিতাবস্থা বজায় রাখা নির্দেশ থাকলেও প্রতিপক্ষ তা মানছেন না। দুঃখের সাথে তিনি আরো বলেন, আমার বোনের ছেলে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা হওয়ার অপরাধে তার বিরুদ্ধে আমার সৎ ভাই অনভিপ্রেত মন্তব্য করেছেন। যা কোনো সুস্থ্য মানুষের কাছে আশা করা যায় না। ২৯ এপ্রিল সংবাদ সম্মেলন করে আমার সৎ ভাই সাংবাদিকদের কাছে যে অসত্য তথ্য দিয়েছেন তারও জোর প্রতিবাদ করছি।