বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দোহা বৈঠক এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে; এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। এর ফলে বিশ্ববাজারে তেলের দামে চাপ তৈরি হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ব্রেন্ট অপরিশোধিত তেলের আগস্ট সরবরাহ চুক্তির দাম ১ দশমিক ০৩ শতাংশ বা ৭৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪০ ডলারে নেমে আসে। একই সঙ্গে সেপ্টেম্বরের বেশি লেনদেন হওয়া চুক্তির দাম ০ দশমিক ৫৪ শতাংশ বা ৪০ সেন্ট কমে ৭৩ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০ দশমিক ৬৬ শতাংশ বা ৪৭ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৩২ ডলারে নেমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, দোহায় সম্ভাব্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি হতে পারে এমন ধারণা থেকেই তেলের দামে এই পতন দেখা দিয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে আছেন এবং ঝুঁকি এড়িয়ে চলছেন, কারণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন পুরোপুরি স্বাভাবিক হয়নি, যা বাজারে অনিশ্চয়তা বজায় রেখেছে।
এদিকে ইরান কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকের তথ্য নাকচ করেছে। তবে কাতারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান। পাশাপাশি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় থাকার কথাও জানিয়েছে দেশটি।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক সরবরাহ পরিস্থিতি ও ভূরাজনৈতিক উত্তেজনা স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানি তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।