সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৮ম শিক্ষক নিয়োগের (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করেছে।
বুধবার (২২ এপ্রিল) রাতে এ ফল ঘোষণা করা হয়।
সংস্থার তথ্য অনুযায়ী, পরীক্ষায় মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এই এমসিকিউ পরীক্ষায় ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৪৮ হাজার ১৪৬ জন পরীক্ষায় অংশ নেন।
উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর (মেধাক্রম অনুযায়ী নয়) এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে ফলাফল জানানো হবে।
এনটিআরসিএ জানিয়েছে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রয়োজনে বিধি অনুযায়ী প্রকাশিত ফলাফল সংশোধনের অধিকার সংরক্ষণ করছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান হিসেবে নিয়োগের জন্য ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে প্রথমবারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।