সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ বিনোদন ডেস্ক : বিশ্বসুন্দরীর মুকুট জয়ের লড়াইয়ে চূড়ান্ত পর্বের অপেক্ষায় বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল অ্যাগ্রেলটেতে অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিযোগিতাকে ‘ভেরি টাফ’ বলে উল্লেখ করেন মাহি। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের প্রস্তুতি ও যোগ্যতার কথা উল্লেখ করে তিনি বলেন, চূড়ান্ত ফলাফল নির্ভর করবে মঞ্চে পারফরম্যান্সের ওপর।
গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন মাহি। পরদিনই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি।
প্রতিযোগিতার জাতীয় পোশাক পর্বে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরেন মাহি। বিশ্বজিৎ মজুমদারের নকশায় তৈরি লাল-সাদা কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি শাড়ি ও বাংলার ঐতিহ্যবাহী গয়নায় মঞ্চে হাজির হন তিনি। ‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ ভাবনায় সাজানো পোশাকে মা-সন্তানের সম্পর্ক ও মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা তুলে ধরা হয়।
ভোটের হিসাবেও এগিয়ে রয়েছেন মাহি। সর্বশেষ প্রকাশিত ভোটের আপডেট অনুযায়ী, তিনি দর্শকদের ভোটে সেরা ৩০ প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছেন। এর আগে সাপ্তাহিক ভোটে শীর্ষে এবং মোট ভোটের হিসাবে তৃতীয় অবস্থানে থাকার খবরও প্রকাশিত হয়েছিল। তবে ভোটের অবস্থান পরিবর্তনশীল এবং এটি চূড়ান্ত ফলাফল নয়।
মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের হয়ে ২০১৯ সালে শিরিন আক্তার শিলা, ২০২৪ সালে অনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা অংশ নেন। মিথিলা প্রথম বাংলাদেশি হিসেবে সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন।
পুয়ের্তো রিকোর স্থানীয় সময় ২৪ নভেম্বর রাত ৮টায় শুরু হবে গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় ২৫ নভেম্বর সকাল ৬টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। উপস্থাপনায় থাকবেন মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল। বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান মিস ইউনিভার্স ফাতিমা বশ।
এখন সবার অপেক্ষা, আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের জন্য নতুন কোনো সাফল্য বয়ে আনতে পারেন কি না সামিরা খান মাহি।