শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
কুমিল্লা প্রতিনিধি:: কুমিল্লার তিতাসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি খালে উল্টে পড়ে তিন নারী নিহত হয়েছেন। এসময় নারীরা খালে গোসল করছিলেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কড়িকান্দি-চররাজাপুর সড়কের পার্শ্ববর্তী তিতাস নদীর শাখা খালে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- কড়িকান্দি গ্রামের শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। তাদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার সম্পর্কে আত্মীয়।
স্থানীয় সূত্র জানায়, কাড়িকান্দি গ্রামের তিন নারী তিতাস নদীর শাখা খালে গোসল করছিলেন। রাজাপুর থেকে আসা একটি ট্রলি কড়িকান্দি-চররাজাপুর সড়কের ইমন মিয়ার বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালের উপর উল্টে পড়ে। ট্রলির নিচে চাপা পড়ে রিনা ও রুজিনা মারা যান। সামছুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, দুর্ঘটনায় একই গ্রামের তিন নারী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।