সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সুবর্ণা-সব্যসাচী’র ‘গণ্ডি’

বিনোদন প্রতিবেদক::

অবসর জীবন যাপনকারী দুইজন নারী-পুরুষের বন্ধুত্ব নিয়ে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী চক্রবর্তী। দুই বাংলার প্রতিথযশা এই দুই অভিনয়শিল্পীকে একই ফ্রেমে এনেছেন ফাখরুল আরেফীন খান। তার পরিচালনায় ‘গণ্ডি’ চলচ্চিত্রে ব্যতিক্রমী চরিত্রে ধরা দিবেন দুই শিল্পী।

চলচ্চিত্রটি আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে চলচ্চিত্রটি সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। এরপরই গণ্ডির অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা তার ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানান।

এর আগে চলচ্চিত্রটির প্রথম অফিসিয়াল পোস্টারও প্রকাশিত হয়। এ প্রসঙ্গে ফাখরুল আরেফীন খান বলেন, ‘একটি সিনেমার আউটলুক হচ্ছে পোস্টার। সিনেমাকে যদি একটা বই হিসেবে বিচার করি, তাহলে পোস্টার হলো তার প্রচ্ছদ। আমরা চেষ্টা করেছি গতানুগতিক ধারার বাইরে ভিন্নভাবে সিনেমাটিকে পোস্টারের মাধ্যমে দর্শকের কাছে তুলে ধরতে।’

ফাখরুল আরেফীন খানের ‘ভুবন মাঝি’ও এর আগে দুই বাংলার সমালোচকদের মনোযোগ আকর্ষণ করে। পরিচালকের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় ‘গণ্ডি’র অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, “আগামী ৭ ফেব্রুয়ারি ‘গণ্ডি’ বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। আপনারা নিকটস্থ প্রেক্ষাগৃহে পরিবার-বন্ধু-স্বজনদের নিয়ে সিনেমাটি দেখবেন। আমার বিশ্বাস এটি আপনাদের খুব ভালো লাগবে।”

তিনি আরো বলেন, “গণ্ডি’ বন্ধুত্বের গল্প। এই গল্প হয়তো আপনার পুরোনো কোনো বন্ধুত্বের কথা মনে করিয়ে দেবে। দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে।”

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জি প্রমুখ। গড়াই ফিল্মস প্রযোজিত রোমান্টিক কমেডি ঘরানার ‘গণ্ডি’র আবহ সংগীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com