শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

৪ লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না

নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেধে দি‌য়েছে বাংলাদেশ ব্যাংক । এখন থে‌কে এক‌টি অ‌্যাকাউন্ট থেকে ৪ লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না । পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদেবার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি ।

গতকাল শ‌নিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক থে‌কে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে ।
একটি ব্যাংকের ব‌্যবস্থাপনা প‌রিচালক এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন । নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক চার লাখের বে‌শি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন ।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায় । বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায় ।
এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক ।

এর আগের সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ৩ লাখ টাকা । এক সপ্তাহের ব্যবধানে নগদ উত্তোলনের সুযোগে আরো ১ লাখ টাকা বাড়িয়ে নতুন সীমা ঠিক করে দিল আর্থিক খাতের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থাটি । তারও আগে গত ১০ আগস্ট বলা হয় অ‌্যাকাউন্ট থেকে ২ লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না ।
তারও আগে গত ৮ আগস্ট (বৃহস্প‌তিবার) এক লাখ টাকার বে‌শি নগদ উত্তোলন কর‌তে পারেনি গ্রাহক । ওই দিন বলা হয়েছিল শুধু বৃহস্প‌তিবা‌রের জন‌্য নি‌র্দেশনা দেওয়া হয়ে‌ছিল ।

ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা । এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে । আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক লুটপাট, দুর্নীতি ও শেয়ারবাজারে কারসাজি করে অবৈধ উপায়ে বিপুল অর্থের মালিকরা যেন টাকা পাচার করতে না পারে এ জন‌্য সতর্ক করতে নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দিচ্ছে কেন্দ্রীয় ব‌্যাংক ।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, দেশে নতুন সরকার গঠিত হয়ে‌ছে । পরিবর্তিত প‌রি‌স্থি‌তি‌তে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায় । বিশেষ করে রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায় । এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক । এর ধারাবাহিকতায় শনিবার রাতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com