রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

৩০০ কোটি রুপি আয়ের পথে অজয়-কাজলের ‘তানাজি’

বিনোদন ডেস্ক::

বলিউডের বক্স অফিস কাঁপাচ্ছে অজয় দেবগণ, কাজল ও সাইফ আলী খানের সিনেমা ‘তানাজি : দ্য আনসাং ওয়ারিওর’। গত ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির ৬ দিনে ১০০ কোটি রুপিরও বেশি আয় করে ‘তানাজি’। এরই মধ্যে ২৫০ কোটি ছাড়িয়েছে ছবিটির আয়।

দর্শক সাড়ায় ভেসেছে মারাঠি ইতিহাসনির্ভর সিনেমাটি। সেই আনন্দে ভাসছেন ছবির অভিনেতা অজয় দেবগণ, কাজল ও সাইফ আলী খানেরাও। তবে ছবির প্রধান চরিত্রে অজয় থাকলেও দর্শকের প্রশংসায় অনেক এগিয়ে রয়েছেন সাইফ। তার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তানাজি’র রিভিউ সেই প্রমাণই দিচ্ছে।

গতকাল সোমবার চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, একাধিক সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করেও ‘তানহাজি’ এগিয়ে চলেছে। গত শুক্রবার ছবিটি আয় করেছে ২.৭৭ কোটি, শনিবার ৪.৪৮ কোটি, রোববার ৬.২৮ কোটি; মোটি আয় হয়েছে ২৫১.৪০ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)। বলিউডের সিনেমা বোদ্ধারা ধারণা করছেন অল্প সময়ের মধ্যেই ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়ে দিবে এই ছবি।

তানাজির সঙ্গে মুক্তি পায় বলিউডের আরও কয়েকটি সিনেমা। এরমধ্যে সম্প্রতি মুক্তি পাওয়া ‘জওয়ানি জানেমান’ তিন দিনে আয় করেছে ১২.৮৩ কোটি রুপি। কঙ্গনা রনৌত অভিনীত ‘পাঙ্গা’ এ পর্যন্ত আয় করেছে ২৫.৬৪ কোটি রুপি। আর বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ এ পর্যন্ত আয় করেছে ৬৬.০৯ কোটি রুপি।

অন্যদিকে মেঘনা গুলজার পরিচালিত দীপিকা পাডুকোন এবং বিক্রান্ত মাসে অভিনীত ‘ছাপাক’র ২৪ দিনের বক্স অফিস কালেকশন ৫৫ কোটি রুপি।

প্রসঙ্গত, ওম রাউত পরিচালিত ‘তানাজি’ ছবিতে মুখ্য দুই অভিনেতা অজয় দেবগণ ও সাইফ আলি খান। সাইফ এখানে হিংস্র রাজপুত দুর্গ–রক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন, যাকে অন্ধের মতো বিশ্বাস করেন ঔরঙ্গজেব। তানাজি ও মোঘল খলনায়কের যুদ্ধই এই ছবির মূল উপাদান। যদিও যোদ্ধাদের ভূমিকায় দুই অভিনেতাই যথাযথ ছিলেন। ছবিতে তানাজির স্ত্রী সাবিত্রী বাইয়ের ভূমিকায় দেখা গিয়েছে কাজলকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com