সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

১৭ বছর নির্বাসনের পর থাইল্যান্ডে থাকসিন

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: দীর্ঘ ১৭ বছর স্বেচ্ছানির্বাসনের পর থাইল্যান্ডে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।

মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করেন ৭৪ বছর বয়সী থাকসিন। এসময় হাজার হাজার লাল পোশাক পরা সমর্থক নাচ ও গান গেয়ে থাকসিনকে স্বাগত জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য থেকে বোন ইংলাক সিনাওয়াত্রাকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি প্লেনে দেশে আসেন থাকসিন।

থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রার টিকটকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, লাল টাইসহ স্যুট পরিহিত থাকসিন সিঁড়ি বেয়ে প্লেনে উঠছেন।

২০০৬ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের সময় একটি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিদেশে বসবাস করছেন থাকসিন সিনাওয়াত্রা।

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগে থাকসিনের প্রায় ১০ বছরের সাজা রয়েছে। যা তিনি বলছেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিবিসির খবরে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে ডন মুয়াং বিমানবন্দর থেকে সরাসরি ব্যাংককের সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সম্ভবত একটি কারাগারে নিয়ে যাওয়া হতে পারে। তবে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হবে না বলে মনে করছেন তার সমর্থকরা।

থাইল্যান্ডের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত রাজনীতিবিদ ৭৪ বছর বয়সী থাকসিন। রাজতন্ত্র ও সামরিকপন্থিদের ঘৃণার শিকার হলেও থাকসিন সিনাওয়াত্রা তার শাসনামলে নেওয়া নীতিমালার জন্য ২০০০ সালের শুরু দিকে অনেক সাধারণ থাই জনতার গ্রামীণ জীবনে পরিবর্তন আনার মাধ্যমে আস্থা অর্জন করতে পেরেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com