সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

হিমাচলে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: ভারতের হিমালয়ে ভয়াবহ ভূমিধসের পর মঙ্গলবার আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জন। কর্মকর্তারা বলছেন, ১০ জন এখনও নিখোঁজ আছেন।

কয়েক বছর ধরে ভারত এবং প্রতিবেশী পাকিস্তান ও নেপালের পাহাড়ে আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণ এই প্রবল বৃষ্টি। এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

হিমাচল প্রদেশে ভূমিধসের ধ্বংসযজ্ঞটি মারাত্মক ছিল। ধসের পর পাথর ও গাছের নিচে চাপা পড়ে বাড়ি-ঘর, রাস্তায় ধরে ফাটল, ভেঙে পড়ে বিদ্যুৎ ও রেলওয়ে নেটওয়ার্ক।

রাজ্যের রাজধানী সিমলায় মঙ্গলবার ভূমিধসের পর ভেঙে পড়া একটি মন্দির থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়। সিমলায় বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা প্রবীণ ভরদ্বাজ।

ভরদ্বাজ বলেন, ‘দুর্যোগের কারণে রাজ্যে কয়েকদিনে অন্তত ৫৫ জন মারা গেছেন। প্রতিবেশী উত্তরাখণ্ডেও বৃষ্টিজনিত ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।’

হিমাচল প্রদেশ এবং প্রতিবেশী উত্তরাখণ্ডের কিছু অংশে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অবিরাম বৃষ্টির কারণে দুই রাজ্যই গত মাসে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।

১ জুন থেকে শুরু হওয়া এই বর্ষা মৌসুমে হিমাচলে স্বাভাবিকের চেয়ে ৪৫ শতাংশ এবং উত্তরাখণ্ডে ১৮ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে।

সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com