বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
বক্তব্য রাখছেন যন্ত্রাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেণ্টু মোল্লা নিজস্ব প্রতিনিধি,নবাবগঞ্জঃ আপনারা ধানের শীষে ভোট না দিলে আমরা ধরে ফেলতে পারবো। কারণ আপনাদের জন্য আলাদা বাক্স থাকবে। তাই আপনাদের ভোট আলাদা বাক্স দেয়া হবে। ঢাকা-১ আসনের নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের হরিশকুলে প্রচারণার ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক সেণ্টু মোল্লার এমন বক্তব্য ভাইরাল হয়। শুক্রবার সন্ধ্যায় তার এ বক্তব্য প্রচার হয়।
শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিএনপির নেতাদের নজরে আসে। তাৎক্ষণিক তাঁকে দল থেকে বহিষ্কার ঘোষনা করা হয়।
দলীয় সূত্রে জানায়, নবাবগঞ্জ উপজেলা সদরের পাশে যন্ত্রাইল ইউনিয়নের হরিশকূল একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধনে শুক্রবার বক্তব্য দেন ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেন্টু মোল্লা। এসময় তিনি বলেন,হিন্দু ভাই বোনেরা আপনারা ধানের শীষে ভোট দিবেন। কেন্দ্রে আপনাদের জন্য বাক্স আলাদা করা থাকবে। কে ভোট দিলো না তা বুঝতে পারবো। এ ধরেনর উস্কানিমূলক বক্তব্যটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
এ নিয়ে নানা রকম নেতিবাচক মন্তব্য ও কমেন্ট করে সাধারণ মানুষ। এঘটনা জানতে পেরে উপজেলা বিএনপি তাঁকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়। শনিবার বিকেলে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খন্দকার আরশীন মাহমুদ স্বাক্ষরিত দলীয় প্যাডে সেন্টু মোল্লাকে যন্ত্রাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্যপদসহ বহিস্কার করা হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম বলেন, তার এ বক্তব্যের কারণে দলের সব পদ থেকে তাৎক্ষণিক বহিস্কার করা হয়েছে। উপজেলা বিএনপি ও ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক এ ধরনরে বক্তব্যকে গঠনতন্ত্র পরিপন্তী ও ঘৃণিত বলে মনে করে।
দল থেকে সদ্য বহিষ্কৃত নেতা সেন্টু মোল্লা বলেন, তিনি ভূল করেছেন। অনিচ্ছাকৃত মুখ ফসকে এ বক্তব্য বের হয়েছে। তিনি এ ঘটনার জন্য সাধারণ ভোটার ও হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চান।