মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেস্কঃ রাজধানীর সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে সাভার সেনা ক্যাম্পের একটি টহল দল সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের তল্লাশি করে।
তল্লাশিকালে আটক ব্যক্তিদের কাছ থেকে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ইয়াবা সেবনের ৪টি পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতদের একজন পূর্বে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরে উদ্ধারকৃত আলামতসহ আটক দুই ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।