শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : দেশের থানাগুলোকে নতুন নির্দেশনা দিয়ে পরিপত্র দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় । থানাগুলোকে মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও এফআইআর দ্রুত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । একই সঙ্গে মামলার তদন্তে বিলম্ব না করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় ।
বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে এসংক্রান্ত পরিপত্র জারি হয়েছে । এতে বলা হয়েছে, বিভিন্ন অভিযোগ ও সংবাদমাধ্যমে থানায় অভিযোগ গ্রহণে বিলম্বের খবর পাওয়া গেছে । আবার অনেক থানায় জিডি, এফআইআর ও মামলা গ্রহণে অসম্মতি এবং বিলম্ব করা হচ্ছে । এ ক্ষেত্রে জিডি, এফআইআর এবং মামলা গ্রহণে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে । পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না ।
এতে আরো বলা হয়েছে, পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাকল্পে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ।
পরিপত্রটি পুলিশ অধিদপ্তর, পুলিশ মহাপরিদর্শক, সব মেট্রোপলিটন ও ডিআইজি রেঞ্জের পুলিশ কমিশনার এবং সব পুলিশ সুপারদের বিতরণের জন্যও বলা হয়েছে ।