মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
স্পেনে আকস্মিক বন্যায় ৫১ জনের মৃত্যু আন্তর্জাতিক ডেস্ক:: প্রবল বৃষ্টিপাতের কারণে স্পেনে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ৫১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
বুধবার (৩০ অক্টোবর) যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দেশটির কর্তৃপক্ষ জানায়, ভারী বর্ষণ এবং শিলাবৃষ্টির কারণে দক্ষিণ-পূর্ব স্পেনে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আর বেশ কিছু মানুষ। নিখোঁজ বাসিন্দাদের উদ্ধারে তৎপরতা চলছে।
ভ্যালেন্সিয়া অঞ্চলের প্রেসিডেন্ট কার্লোস ম্যাজন বলেছেন, এই পর্যায়ে চূড়ান্ত মৃতের সংখ্যার সঠিকভাবে বলা সম্ভব না। কারণ এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কার্যক্রম চলছে। উদ্ধার কর্মীরা নিখোঁজদের সন্ধানের জন্য ড্রোন ব্যবহার করছেন
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ফুটেজে দেখা যাচ্ছে, বন্যার পানির তীব্র স্রোত রাস্তায় থাকা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, সেতু ভেঙে পড়ছে। অন্য ভিডিওতে দেখা গেছে, কোনোভাবে ভেসে যাওয়া থেকে রক্ষা পেতে লোকজন গাছ ধরে আঁকড়ে আছে।
স্প্যানিশ আবহাওয়া অফিস জানিয়েছে, ভ্যালেন্সিয়া অঞ্চলের চিভায় মঙ্গলবার মাত্র আট ঘণ্টায় ৪৯১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে। যা সেখানের এক বছরের বৃষ্টিপাতের সমান।
রেডিও এবং টিভি স্টেশনগুলি বন্যাকবলিত এলাকায় আটকে পড়া লোকদের সাহায্যের জন্য এবং প্রিয়জনদের উদ্ধার করার জন্য শত শত ফোনকল পেয়েছে।