সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মির্জা আব্বাস, ভর্তি নিউরো আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক, অনলাইন ডেস্ক ॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পৌঁছানোর পর তাকে দ্রুত হাসপাতালের নিউরোলজি আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টার আকাশপথ ভ্রমণ শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুর পৌঁছান। বিমানবন্দর থেকে কোনো বিলম্ব না করে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডা. রফিকুল ইসলাম আরও বলেন, “সিঙ্গাপুরের সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। দীর্ঘ বিমান যাত্রার ধকল সত্ত্বেও এখন পর্যন্ত তার নতুন কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি। তিনি নিউরো আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে আছেন।”

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রায় পৌনে চার ঘণ্টার এক জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। অধিকতর উন্নত চিকিৎসার স্বার্থে চিকিৎসকদের পরামর্শে আজ সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com