সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না, তা এখন পুরোপুরি জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বর্তমান সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সংসদীয় অধিবেশনই এ বিষয়ে চূড়ান্ত ফয়সালা দেবে।
রবিবার (২২ ফেব্রুয়ারী ২০২৬) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এসব তথ্য জানান।
অর্ডিন্যান্স ও সংসদীয় সিদ্ধান্ত
মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান বা অর্ডিন্যান্স প্রসঙ্গে কমিশনার বলেন, “আমার জানামতে, অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র পদে দলীয় মনোনয়নের বিষয়টি বর্তমানে বাদ দেওয়া হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত হবে সংসদ অধিবেশন বসার পর। সংসদ যদি এই অর্ডিন্যান্সটি অনুমোদন (রেটিফাই) করে, তবে সে অনুযায়ী নির্বাচন হবে। আর যদি কোনো পরিবর্তন এনে আগের অবস্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়, তবে পরিস্থিতি ভিন্ন হবে। আমরা মূলত সংসদীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”
সংরক্ষিত নারী আসনের প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে কমিশনার জানান, এই প্রক্রিয়ার প্রাথমিক কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তিনি বলেন:
সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনীত করবে, বিধি অনুযায়ী তারাই নির্বাচিত হবেন।
দলগুলো ইতোমধ্যে তাদের প্রাথমিক প্রস্তুতি নিতে শুরু করেছে।
আইন অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে এবং কমিশন সেই সময়ের মধ্যেই কাজ শেষ করবে।
উপনির্বাচন প্রসঙ্গে
দেশের বিভিন্ন স্থানে স্থগিত হয়ে থাকা উপনির্বাচনগুলো নিয়েও নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। কমিশন চায় আইনি প্রক্রিয়া মেনে দ্রুততম সময়ে এসব নির্বাচন সম্পন্ন করতে।