শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সালমান এফ রহমানসহ ১৭৪ জনের নামে মামলা

দোহার সংবাদদাতা : ঢাকার দোহার থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানসহ ১৭৪ জনের নামে মামলা হয়েছে । মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে ।

হামলা করে জখম ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে এ মামলা করা হয়েছে । রোববার সকালে দোহার থানায় এ মামলা করেন দোহারের রামনাথপুর গ্রামের মো. শাজাহান মাঝি । এ মামলায় সালমান এফ রহমান প্রধান আসামি ।

মামলায় আরও আসামি হয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা সাধারণ সম্পাদক পনিরুজ্জামান, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা সাধারণ সম্পাদক নুরুল হক বেপারিসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রথম সারির নেতারা । আছেন বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ।

মামলার বিবরণে জানা গেছে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দেন বাদী শাজাহান মাঝি ও তাঁর স্বজন সোনিয়া আক্তার । তাঁরা দোহার করম আলীর মোড়ে যান । এ সময় সালমান এফ রহমানের মদদে দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা-কর্মীরা অস্ত্র হাতে তাঁদের ওপর হামলা করে । এতে শাজাহান মাঝিসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন ।

এ বিষয়ে শাজাহান মাঝি বলেন, ‘ঘটনার দিন দুপুর ১২টায় সন্ত্রাসীরা আমার ওপর হামলা করে । এ সময় আরও অনেক সাধারণ শিক্ষার্থী আহত হয় ।’

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ১৭৪ জনকে এজাহারনামীয় ও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে । আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com