শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

সারজিস আলমের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ ফান্ডে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স । আজ রবিবার (২৫ আগস্ট) সকাল ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয় ।

অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের নিকট চেকটি হস্তান্তর করেন ।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদত বরণকারী সকলের স্মরণে ও আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয় ।
এরপর অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সমন্বয়ক সারজিস আলমের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন ।

চেক হস্তান্তরের পর সংক্ষিপ্ত বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক মহান মুক্তিযুদ্ধসহ সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে আত্মাহুতি দেয়া সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন । তিনি ছাত্র-জনতার আন্দোলনে আহত ও চিকিৎসাধীন সকলের দ্রুত সুস্থতা কামনা করেন ।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব সারজিস আলম তাঁর বক্তব্যে বলেন, ‘দুর্যোগ-দুর্ঘটনার সময় মানুষের চরম সংকটে ও দেশের ক্রান্তিলগ্নে ফায়ারফাইটারগণ নিজের পরিবার ও ব্যক্তিস্বার্থ ভুলে মানুষের পাশে ছুটে যান তাদের উদ্ধার করতে ।
আমরা বিগত সময়ে এই বাহিনীর বড় ধরনের কোনো দুর্নামের কথা শুনিনি । এজন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি; পাশাপাশি এর ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি ।

উল্লেখ্য, ফেনী ও নোয়াখালীতে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ত্রাণ প্রেরণে ৩টি গাড়ি দিয়ে সহযোগিতা করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সমন্বয়ক সারজিস আলম ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও মাহিন সরকারসহ সহঃসমন্বয়ক জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com