শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

সাবেক বিচারপতি মানিক, অস্ত্রোপচার সম্পন্ন

সিলেট প্রতিনিধি : ভারতে অনুপ্রবেশকালে সিলেট সীমান্তে আটক অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । শনিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয় ।

চিকিৎসকরা জানিয়েছেন, শামসুদ্দিন চৌধুরী মানিকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে । তার একটি অণ্ডকোষ ফেটে গেছে । এরই মধ্যে একটি অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে । সিলেটের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, বিচারপতি মানিককে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে আদালত নির্দেশ দিয়েছিলেন । আদালত থেকে কারাগারে নিয়ে আসার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।

তিনি বলেন, মারধরের কারণে বিচারপতি মানিকের একটি অণ্ডকোষ ফেটে গেছে এবং শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে । রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় । অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে । এর আগে শনিবার বিকেলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক আলমগীর হোসেন শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন । এসময় বিচারপতি মানিক নিজেকে অসুস্থ দাবি করায় চিকিৎসা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত ।

শুক্রবার দিনগত রাতে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক করেন বিজিবি সদস্যরা । এসময় দালালরা তাকে মারধর করে সবকিছু নিয়ে গেছে বলে অভিযোগ করেন মানিক । পরে তাকে শনিবার সকালে কানাইঘাট থানায় হস্তান্তর করে বিজিবি ।

কানাইঘাট থানা পুলিশ শামসুদ্দিন চৌধুরী মানিককে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় । আদালতে হাজির করার সময় উৎসুক জনতা তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন । এসময় অনেককে তাকে মারধর করতেও দেখা যায় ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com