শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার

সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী বাদী হয়ে মিরসরাই থানায় মোশাররফ হোসেন তার ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলসহ ১২৬ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় এ মামলা করা হয়।

মামলার এজহারে উল্লেখ করা হয়, বিগত ২০২২ সালের ১২ অক্টোবর বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেন পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে মিরসরাই পৌর সদরে পৌঁছালে রাম দা, দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে এবং ককটেল বোমা ফাটিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এবং নেতাকর্মীদের রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে কিছু দূর এগিয়ে যাওয়ার পর আসামিরা আবারও গাড়ি বহরে হামলা করে ৩০টি গাড়ি ভাঙচুর প্রায় ১ কোটি ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি এবং বিভিন্ন জনের পকেটে থাকা ১০ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। তারা যাওয়ার সময় বলে যায় বিএনপির সমাবেশে গেলে হত্যা করে লাশ গুম করে ফেলবে।

এর আগে ১২ অক্টোবর ইঞ্জিনিয়ার মোশাররফসহ ৯০ জনের নামে মামলা হয়। মিরসরাইয়ে ৮ বছর আগে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগে মামলাটি করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ হারুন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com