শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল লেক থেকে এক নারী সাংবাদিকের লাশ উদ্ধার হয়েছে । রাহানুমা সারাহর পরিচয়পত্রছবি: ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প থেকে পাওয়া ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে লাশটি উদ্ধার হয় । তাঁর নাম রাহানুমা সারাহ (৩২) । তিনি বেসরকারি টেলিভিশন জিটিভির নিউজরুম এডিটর ছিলেন । রাহানুমার স্বামীর ভাষ্য, তিনি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন । তবে পুলিশ বলেছে, এটা আত্মহত্যা নাকি হত্যা, তা লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বলা যাবে ।
রাহানুমার স্বামীর নাম সায়েদ শুভ্র । তাঁরা রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় থাকতেন । রাহানুমার বাবার নাম বখতিয়ার শিকদার । বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় । দুই বোনের মধ্যে রাহানুমা ছোট ছিল ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাহানুমাকে নিথর অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পথচারীরা । পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক । তাঁর লাশ কলেজের মর্গে রাখা হয়েছে ।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হাতিরঝিল লেকের পানিতে রাহানুমার নিথর দেহ ভাসছিল । পথচারীরা দেখে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান । সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় । এটা আত্মহত্যা নাকি হত্যা, তা লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে । তাঁর বাবা নোয়াখালী থেকে ঢাকায় এসেছেন । তিনি থানায় যে অভিযোগ দেবেন, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে । স্বামী সায়েদ শুভ্র বলেন, গতকাল রাহানুমা অফিসে গিয়েছিলেন । রাতে বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে বাসাভাড়ার টাকা পাঠিয়ে দেন । তিনি তাঁকে ফোন করেন । বলেন, বাসায় না এসে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়েছেন? তখন রাহানুমা বলেন, তিনি ব্যস্ত আছেন । এই বলে ফোন রেখে দেন । দিবাগত রাত তিনটার দিকে তিনি খবর পান, রাহানুমা হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছেন । ঢাকা মেডিকেল কলেজে গিয়ে তিনি রাহানুমার লাশ দেখতে পান ।
সায়েদ শুভ্র আরও বলেন, প্রেম করে সাত বছর আগে তাঁরা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলেন । তাঁদের মধ্যে কোনো ঝগড়া হয়নি । তবে বেশ কিছুদিন আগে থেকে রাহানুমা আলাদা হয়ে যেতে চাইছিলেন । তাঁরা কাজি অফিসে গিয়ে বিবাহবিচ্ছেদ সম্পন্ন করতে চেয়েছিলেন । তবে দেশের পরিস্থিতির কারণে তা আর করা হয়নি ।