শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বিশেষ পরিস্থিতিতে সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র-কাউন্সিলর এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান-সদস্যদের অপসারণ করে প্রশাসক বসাতে পারবে সরকার । এই বিধান রেখে গতকাল শনিবার এ সংক্রান্ত অধ্যাদেশ করেছেন রাষ্ট্রপতি ।
স্থানীয় সরকার প্রতিষ্ঠান অধিক্ষেত্রে জনগণের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণ, প্ৰশাসনিক কার্যক্রম চালু রাখা ও জরুরি কারণে শুক্রবার অধ্যাদেশগুলোর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ ।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা । এরপর থেকে দেশের বেশিরভাগ সিটি ও পৌর মেয়র-কাউন্সিলররা এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান-সদস্যরা পলাতক । এতে এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, ভোগান্তিতে পড়েছেন সেবা প্রার্থীরা । এই প্রেক্ষাপটে আইনগুলো সংশোধনের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার ।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এ দুটি নতুন ধারা—১৩(ক) ও ২৫(ক); স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এ দুটি নতুন ধারা—৩২(ক) ও ৪২(ক); জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এ দুটি নতুন ধারা—১০(খ) ও ৮২(ক); উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এ দুটি নতুন ধারা—১৩(ঘ) ও ১৩(ঙ) যুক্ত করা হয়েছে ।
একটি ধারায় বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে, জনস্বার্থে কোনো মেয়র-কাউন্সিলর ও চেয়ারম্যান-ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান বা অন্য সদস্যদের অপসারণ করতে পারবে ।
নতুন অন্তর্ভুক্ত অন্য ধারায় বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে, জনস্বার্থে কার্যাবলি সম্পাদনের জন্য একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে ।
প্রয়োজনে যথাযথ বলে বিবেচিত হয় এমন সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত কমিটিকে প্রশাসকের কাজে সহায়তা দিতে নিয়োগ করতে পারবে । নিযুক্ত প্রশাসক এবং নিযুক্ত কমিটির সদস্যরা স্থলাভিষিক্ত পদের ক্ষমতা প্রয়োগ করবে ।