বুধবার, ১৭ Jun ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সজীব গ্রুপের চেয়ারম্যান-সিইওসহ আটজন চার দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান সুজ কারখানায় আগুনে ৫২ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান ও সিইওসহ আটজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্টপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাহবুব আলম লিটন ও অ্যাডভোকেট ফয়সাল খন্দকার।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের হাসেম ফুডস কারখানায় বৃহস্পতিবার আগুন লাগে। এতে অর্ধশতাধিক শ্রমিক-কর্মচারী প্রাণ হারিয়েছেন।

আগুন লাগার পরে কারখানাটিতে ত্রুটিপূর্ণ অগ্নিনির্বাপণব্যবস্থা, জরুরি নির্গমন পথে তালা লাগানোর বিষয়টি প্রকাশ পায়। কারখানাটিতে শিশু শ্রমিক ব্যবহারের বিষয়টিও হয় প্রকাশ্য।

এর পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে শনিবার আটজনকে আসামি করে হত্যা মামলা হয়। মামলায় আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ এনে ৩০২ সহ কয়েকটি ধারায় এই মামলা করা হয়। মামলাটি করেছেন রূপগঞ্জের ভূলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন মজুমদার।

এরপর বেলা দেড়টার দিকে ঢাকার ফার্মগেইটের ভবন সিজান পয়েন্টে সজীব গ্রুপের অফিস থেকে প্রতিষ্ঠানটির সিইও শাহানশাহ আজাদকে গ্রেপ্তার করে পুলিশ। আগেই গ্রেপ্তার করা হয় সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবুল হাসেমকে। এছাড়া গ্রেপ্তার আসামিদের মধ্যে হাসেমের চার ছেলে রয়েছেন, যারা কোম্পানির পরিচালক। তারা হলেন- হাসীব বিন হাসেম, তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম ও তানজিম ইব্রাহীম। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে হাসেম ফুডসের উপমহাব্যবস্থাপক মামনুর রশীদ, প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা প্রকৌশলী মো. সালাউদ্দিনকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com