শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংসদ নির্বাচন ॥ ঘরে-বাইরে ভোটের চাপ নিজস্ব প্রতিবেদক॥ ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের বয়স এরই মধ্যে ৫ মাস ১০ দিন পেরিয়ে গেছে। শুরুর দিকে প্রায় সব দল অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানালেও দিন যত গড়াচ্ছে, সংস্কারে উদ্যোগী এবং ঐক্যের সন্ধানে থাকা এই সরকারের ওপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘরে-বাইরে বা দেশ-বিদেশে চাপও তত বাড়ছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না থাকা, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিনিয়োগে মন্দা, আর্থিক খাতের বিশৃঙ্খলা, প্রশাসনে অস্থিরতা, পরাজিত শক্তির নানা অপকৌশলসহ বিভিন্ন কারণে সরকারের ওপর দ্রুত নির্বাচন দেওয়ার চাপ জোরালো হচ্ছে।
রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচন দ্রুত না হলে এই সরকার বিতর্কিত হবে এবং বিশৃঙ্খলা বাড়বে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায় থেকেও নির্বাচনের চাপ বাড়ছে। ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ডব্লিউআইওএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় এবং তা বাংলাদেশকে তার নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করতে পারে। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ডব্লিউআইওএনের অনলাইন সংস্করণে সাক্ষাৎকারটি প্রকাশ হয়। এর আগে গত সোমবার ১৩ জানুয়ারি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এক অনুষ্ঠানে বলেন, দুই দেশের সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন সেখানে (বাংলাদেশে) নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে।
এদিকে বিভিন্ন মহলের দাবি থাকলেও এখন পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। যদিও গত বছর বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ১৬ সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে চলতি বছরের আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব দাবি করে এ ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বিএনপি। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, প্রয়োজনীয় সংস্কার শেষেই জাতীয় নির্বাচন হওয়া উচিত।
অন্যদিকে, দ্রুত নির্বাচন না হলে কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ১২ দলীয় জোট। অন্যান্য রাজনৈতিক দল, জোট ও ব্যবসায়িক সমিতিসহ বিশিষ্টজন বলছেন, যত দ্রুত সংসদ নির্বাচন হবে ততই ভালো। কেননা নির্বাচিত সরকার ও গণতন্ত্র সুসংহত না হলে পরিস্থিতি স্বাভাবিক হবে না। এমন আলোচনার প্রেক্ষিতে সর্বশেষ রবিবার ১২ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আগামী নির্বাচন সরকার এ যাবৎকালের সেরা করার পরিকল্পনা করছে, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে। সর্বশেষ সোমবার ১৩ জানুয়ারি রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত সভায় ত্রয়োদশ সংসদ নির্বাচনসহ চলমান গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।
এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল যে, এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটিতে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা মনে করি, এত বিলম্বিত করার কোনো কারণ নেই। আমরা বারবার বলছি, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
জামায়াতের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন চায়। দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করছে। তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে। অনেকে সংস্কার চায় না, নির্বাচন চায়। আমরা চাই, আগে সংস্কার হবে, পরে নির্বাচন হবে। বিচার বিভাগের স্বাধীনতা চাই। না হলে ভালো ও কল্যাণমুখী রাষ্ট্র হতে পারে না।’ ব্যবসায়ীদের সমিতি আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও (এবিসিসিআই) চায় দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। সংগঠনটির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ বলেন, ‘দেশের অর্থনীতিসহ বিভিন্ন খাতে অস্থিরতা বিরাজ করছে।
সরকারের উচিত হবে, দ্রুত একটি জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করছেন, সরকারের উচিত সিরিয়াসলি নির্বাচনমুখী হওয়া। তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারকে খুব বেশি সিরিয়াস দেখা যায়নি। সরকার একবার বলছে ২০২৫ সালের শেষে, আবার বলছে ২০২৬ সালের শুরুতে নির্বাচন দেবে। এত লম্বা সময়ের পরও নির্বাচনের সময়টা কনফার্ম করা যাচ্ছে না। ফলে রাজনৈতিক দলগুলোর মাঝে অনাস্থা ও সন্দেহ তৈরি হয়েছে। আবার সরকারের কার্যক্রমেও কিন্তু বোঝা যায়নি যে, সরকার নির্বাচন দ্রুত করতে খুব আগ্রহী। অথচ সরকারের উচিত ছিল রাজনৈতিক দল এবং নাগরিকদের বোঝানো যে, তারা দ্রুত নির্বাচন দিতে চায়। আমি মনে করি সরকারকে খুব সিরিয়াসলি নির্বাচনমুখী হওয়া উচিত।’