শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শ্রম আইন মার্চের আগেই সংশোধন করা হবে: আসিফ মাহমুদ নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশে বিদ্যমান শ্রম আইন আগামী মার্চের আগেই সংশোধন করা হবে বলে জানিয়েছেন যুব, ক্রীড়া ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না।’
রোববার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, ‘নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হবে। সব কারখানায় থাকতে হবে ডে কেয়ার সেন্টার।’
শ্রম উপদেষ্টা বলেন, ‘শ্রমিকদের যারা বেতন দিচ্ছে না, সেসব মালিককে ধরে এনে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে। যাতে বিদেশ পালিয়ে না যায়। অনেক কারখানা বারবার কমিটমেন্ট দিয়েও তা পূরণ করেনি।’
তিনি বলেন, ‘শ্রমিক মেরে সমস্যার সমাধান নয়, বেতন পরিশোধের জন্য মালিকদের সহযোগিতা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক সমাধান একটি জটিল বিষয়।’
তিনি খুব নাজেহাল অবস্থায় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বলে উল্লেখ করেন আসিফ। বলেন, ‘আমরা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে গেছি। ১৮ দফা নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ যৌথভাবে চুক্তি স্বাক্ষর করেছে।’ ‘আগের মতো উদ্বোধন করে ছবি তুলে আমরা দায়সারা কাজ করবো না। শ্রমিকরা যাতে সকল সুযোগ সুবিধা ঠিকমতো পায়, সেটা প্রতিনিয়ত মনিটরিংয়ে রেখেছি।’