শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন । শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে । এরমধ্যে হত্যা মামলাই বেশি । গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে । তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে । ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সে দেশে ৪৫ দিন থাকতে পারবেন । এর মধ্যে কেটে গেছে ২৭ দিন, হাতে আছে আর ১৮ দিন ।
এই অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে । হয় তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইবেন, নয়তো দেশে ফিরে আসবেন । এই মুহূর্তে আর কোনো অপশন নেই ৭৭ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর হাতে ।
ভারত এখন কী করবে, তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে? যেমনটা দিয়েছিল ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর । ছয় বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয়ে ছিলেন হাসিনা ।
জানা যায়, ভারত এখন উভয় সংকটে । তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে? যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে! ভারতবিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন । বহির্বিশ্বেও ভারতের সামপ্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে ।
ভারত কি শেখ হাসিনাকে প্রোটেকশন দেবে? পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা এখন উদ্বাস্তু । অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুবই কঠিন । চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল । দুটো দেশই হেরেছে । মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ । চীন সতর্ক হয়ে গেছে । ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনো । কিন্তু ইতিহাস অন্য কথা বলে ।
দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি । এই অবস্থায় হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন তখন তাদের নীতি কী হবে তা নিয়ে উভয় সংকটে প্রশাসন । রাজনৈতিক পণ্ডিতরা দ্বিধাবিভক্ত । হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ বাড়বে ভারতের উপর । ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরকমই একটা ইঙ্গিত দিয়েছেন ।
ভারতের উদ্বেগ সেভেন সিস্টার নিয়ে । হাসিনার জমানায় স্বস্তি এসেছে । প্রতি বিপ্লবের পথে গিয়ে যেটুকু অর্জন তা হারিয়ে যেতে পারে । এই আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে । তাদের ভয়, হাসিনার প্রতি কৃতজ্ঞতাবোধ দেখাতে গিয়ে চীনের আগমন ঘটে কিনা! সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে । তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নীরবেই তাদের অবস্থান সুসংহত করেছে । ঢাকার রাষ্ট্রক্ষমতায় এখন ড. মুহাম্মদ ইউনূস। যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সরাসরি যোগাযোগ । তিনি চাইলে অন্তত একশ’টি দেশের সরকারপ্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারেন । এ কারণে ভারত সতর্ক পা ফেলছে ।
কূটনৈতিক বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদির সরকারকে আবেগতাড়িত না হয়ে বাস্তব সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন । পরিবর্তিত এই অবস্থায় হাসিনার দেশে ফেরা ছাড়া আর কী বিকল্প রয়েছে? গণহত্যার অভিযোগে তিনি অভিযুক্ত হতে চলেছেন । পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ তাকে গ্রহণ করতে চাইবে না । সময় যত গড়াচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মনোভাবেও পরিবর্তন আসছে । দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক নেই । যেটুকু ছিল বাংলাদেশের সঙ্গেই । ভুল নীতি কৌশল গ্রহণ করে সেটুকু হারাতে চায় না ভারত । কোটা বিরোধী আন্দোলন হাসিনার ভবিষ্যৎ যেমন ফিকে করে দিয়েছে তেমনি বাংলাদেশে ভারতের অবস্থান অনেকটাই প্রশ্নবিদ্ধ করে দেয় ।
সাম্প্রতিক বন্যা নিয়ে বাংলাদেশিদের প্রতিক্রিয়া দেখে ভারতের নেতৃত্ব বেশ চিন্তিত বলেই মনে হচ্ছে । উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান । পূর্বে আরেকটি নিরাপত্তা ফ্রন্ট ভারত খুলবে কি-না তা নিয়ে হিসাবনিকাশ চলছে । কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটা যদি করা হয় তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ । কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের গভীর নজর রয়েছে সর্বশেষ ঘটনাবলির উপর ।