সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শেখ হাসিনার গুম সংশ্লিষ্টতা ও নিষেধাজ্ঞার প্রশ্নে যুক্তরাষ্ট্র যা জানাল কূটনৈতিক প্রতিবেদক:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সম্পৃক্ততা তদন্তে সমর্থন জানিয়েছে দেশটি।
স্থানীয় সময় বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে সাউথ এশিয়া পার্সপেক্টিভস’র স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট আব্দুর রহিমের করা এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল।
গুমের সঙ্গে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকা প্রসঙ্গে এই মুখপাত্র বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি তাদের সমর্থন রয়েছে। তারা চান ভুক্তভোগীরা যেনো তাদের ন্যায়বিচার পান।
ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট আব্দুর রহিম জানতে চান, ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?
জবাবে মুখপাত্র প্যাটেল বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতির ঘোষণা দিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। এর মাধ্যমে প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয়ে যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে। পুরো প্রক্রিয়াজুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি। পুরো বিশ্বে শান্তিপূর্ণ উপায়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আমাদের অবস্থান।’
অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান, ‘বাংলাদেশে তদন্ত কমিশনের রিপোর্ট উদ্ধৃত করে গুম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। তদন্ত কমিশন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয় নিয়ে আপনার মন্তব্য কী?’
জবাবে প্যাটেল বলেন, ‘বাংলাদেশে বিগত দুই দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন । জোরপূর্বক গুম হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন। গুম ও আটক করে রাখার কারণে ভুক্তভোগীর পরিবার মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তায় ভুগেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধ তদন্তে যে পদক্ষেপ গ্রহণ করেছে আমরা তাকে স্বাগত জানাই। গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায়বিচার নিশ্চিতে ন্যায় এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য আমরা আহ্বান জানাই।’
উল্লেখ্য, গত শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। প্রাথমিক প্রতিবেদনে দেশে গত ১৫ বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। গুমের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে এই কমিশন।