মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শাহরুখের ‘জিরো’র ট্রেলার ব্লকবাস্টার

বিনোদন ডেস্ক::
দেখা শুরু করলে শেষ না করে উপায় নেই! বলিউড বাদশা শাহরুখ খানের ‘জিরো’র ট্রেলার এমনই আকর্ষণীয়। শুক্রবার (২ নভেম্বর) ভারতে মুম্বাইয়ের আইম্যাক্স ওয়াদালায় এটি উন্মোচন করেন তিনি। এদিন ছিল তার ৫৩তম জন্মদিন। তাই কেকও কেটেছেন ভারতের এই সুপারস্টার।

ইতোমধ্যে ইউটিউবে এই ট্রেলার দেখা হয়েছে ১ কোটি বার। আমির খান, অক্ষয় কুমার থেকে শুরু করে বলিউড তারকারা ব্যাপক প্রশংসা করছেন। তাদের সবার মন্তব্য, এর সবখানে ছবিটির ব্লকবাস্টার হওয়ার আভাস রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে ভক্তরাও ইতিবাচক মন্তব্য করছে।

আগেই জানাজানি হয়েছে, ছবিটিতে বামন চরিত্রে আছেন শাহরুখ খান। তার নাম বাউয়া সিং। যেকোনও প্রসঙ্গে দ্রুত চতুর উত্তর দেওয়া ও বড় স্বপ্ন দেখা তার স্বভাব। রাগী বাবার সঙ্গে থাকে সে। তার লক্ষ্য একটাই, ৩৮ বছরের পরিণত বয়সে বিয়ে করা।

৩ মিনিট ১৫ মিনিট ব্যাপ্তির ট্রেলারে জানা গেছে, বিখ্যাত বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা। তিনি সেরিব্রাল পালসিতে ভুগছেন। তার ছবি দেখে প্রেমে পড়ে যায় বাউয়া। কিন্তু আনুশকার শারীরিক সীমাবদ্ধতার কথা জানা ছিল না তার। একসময় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর বাউয়া জড়িয়ে পড়ে অ্যালকোহলিক চলচ্চিত্র অভিনেত্রীর সঙ্গে। এ চরিত্রে আছেন ক্যাটরিনা কাইফ।

ট্রেলারের সবশেষে শাহরুখের সংলাপ এমন, ‘গল্পে শুনেছি, ভালোবাসার জন্য প্রেমিক চাঁদের টুকরো নিয়ে আসে। আমি এই কথা সিরিয়াসলি নিয়ে নিলাম!’ এরপরেই দেখা যায়, মহাকাশের উদ্দেশে একটি রকেট উড়তে শুরু করেছে। শাহরুখের বেশিরভাগ সংলাপই শিষ বাজানোর জন্য যথেষ্ট।

ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে শাহরুখ বলেছেন, ‘এই ছবি সেরিব্রাল পালসিতে ভোগা একটি মেয়ে ও মানসিকভাবে অপরিপূর্ণ একজন নারীকে ঘিরে।’

‘জিরো’ মানে শূন্য। নিজেকে সবশেষ কবে এমন মনে হয়েছে প্রশ্নে শাহরুখের উত্তর, ‘নিজেকে সবসময়ই শূন্য মনে হয় আমার।’

ছবিটিতে ব্যবহৃত ভিজ্যুয়াল ইফেক্টসের প্রশংসা করেছেন শাহরুখ, ‘গল্প ও চিত্রনাট্য অনুযায়ী পরতে পরতে প্রযুক্তির ব্যবহার প্রয়োজন ছিল। চাহিদা মাফিক প্রযুক্তি মিলে গেলে পরিচালকের স্বপ্ন আরও উঁচুতে চলে যায়।’

আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ মুক্তি পাবে এ বছরের ২১ ডিসেম্বর। এতে সালমান খান ও শ্রীদেবীসহ বলিউডের বেশ কয়েকজন তারকা অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন।

এদিকে ‘জিরো’র ট্রেলার উন্মোচন করতে যাওয়ার আগে নিজের বাড়ি মান্নতের বাইরে এসে ভক্তদের অভিনন্দনে সাড়া দেন শাহরুখ। সঙ্গে ছিল তার ছোট ছেলে আবরাম খান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com