শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শামীম ওসমানকে সুবিধা দিতেই ৭ খুন : জিয়াউল আহসান

এুকুশের কন্ঠ প্রতিবেদন : নারায়ণগঞ্জের সাত খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে । ডিবির জিজ্ঞাসাবাদে তিনি বলেন, আমি নিজ উদ্যোগে কিছুই করিনি । আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমি সেভাবেই কাজ করেছি । আমার কাছে নির্দেশনা আসত একেবারে শীর্ষ পর্যায় থেকে । কিছু কিছু বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নির্দেশনা দিতেন ।

নারায়ণগঞ্জের সাত খুনের বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে সব দোষ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাই তারেক সাঈদের । ওই সময় র‌্যাব-১১ এর কমান্ডিং অফিসার ছিলেন তারেক সাঈদ । মন্ত্রীর মেয়ের জামাই হওয়ার কারণে ওই সময় তার ওপর কেউ কথা বলতে পারতেন না । জিয়াউল আহসান বলেন, নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে সাতজন নিখোঁজ হওয়ার পরপরই তাদের খুঁজে বের করতে আমাকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন র‌্যাব মহাপরিচালক (ডিজি) মোখলেসুর রহমান। প্রথমদিকে র‌্যাব-১১-এর কয়েকজন আমার কাছে সাত খুনের বিষয়টি স্বীকার করেন । কিন্তু তারেক সাঈদ স্বীকার করেননি । জিয়াউল আহসান ডিবিকে জানান, আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে সুবিধা দিতেই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই বহুল আলোচিত সাত খুনের ঘটনা ঘটানো হয়েছে ।

জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান বলেন, ডিবি হেফাজতে যারা আছেন তারা একেকজন একেক ধরনের তথ্য দিচ্ছেন । তাদের দেওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে । তিনি বলেন, যারা রিমান্ডে আছেন, হত্যার ক্ষেত্রে তাদের কেউ নির্দেশদাতা, কেউ পরামর্শদাতা, কেউ অর্থ বিনিয়োগকারী, কেউ ইন্ধনদাতা । আমরা মূলত হত্যা মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করছি । তবে প্রসঙ্গক্রমে আরও অনেক বিষয় চলে আসছে । ওইসব বিষয় আমাদের গোয়েন্দারা নোট করে রাখছেন । মানি লন্ডারিংসহ আর্থিক যেসব অনিয়ম-দুর্নীতির বিষয় উঠে আসছে সেগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ইতোমধ্যে কাজ শুরু করেছে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com