সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

আহমেদ ইমতিয়াজের মরদেহ শহীদ মিনারে

নিজস্ব প্রতিবেদক::

সঙ্গীতশিল্পী, সুরকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে।

বুধবার বেলা পৌনে ১১টায় তার মরদেহ সেখানে নেয়া হয়। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ শহীদ মিনারের বেদিতে রাখা হয়েছে।

গুণী এই শিল্পীকে শ্রদ্ধা জানাতে আগে থেকেই নানা পেশার অসংখ্য মানুষ জড়ো হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণে। ফুল হাতে শ্রদ্ধাতে জানাতে হাজির হয়েছেন এক সময় তার সঙ্গে কাজ করা সঙ্গীত, চলচ্চিত্র অঙ্গনেরও অনেকে।

মুক্তিযুদ্ধের সময় বুলবুলের সঙ্গে পাক-হানাদার বাহিনীর হাতে আটক হন কাজী জিয়াউল ইসলাম মাহবুব। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে আটক হয়েছিলাম যুদ্ধের সময়। ও (বুলবুল) মুক্ত হয়েছিল, আমিও মুক্ত হয়েছিলাম। কিন্তু আমাকে রেখে ও দুনিয়া থেকে মুক্তি নিল। এটা মেনে নেয়া বেদনাদায়ক।’

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর ৪টার দিকে আফতাবনগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৩ বছর বয়সী আহমেদ ইমতিয়াজ বুলবুল।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য বুলবুলের মরদেহ দুপুর ১২টা পর্যন্ত শহীদ মিনারে রাখা হবে। দেয়া হবে রাষ্ট্রীয় সম্মান। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানেও তার জানাজা হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com