বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

রায়পুরে ছেলের হাতে বাবা খুন

লক্ষ্মীপুর  প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে জমির লোভে বৃদ্ধ বাদশা মোল্লা হত্যা মামলায় দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. হাছানুজ্জামান ও মো. নুরুজ্জামান। থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ জুলাই) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (রায়পুর) আদালতে বৃদ্ধ বাদশা মিয়াকে হত্যার অভিযোগে অপর ছেলে মো. আলম তার গ্রেফতার দুই ভাইসহ ৫ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেন। এ ঘটনায় আদালতের বিচারক তারেক আজিজ অভিযোগটি আমলে নিয়ে রায়পুর থানার ওসিকে এফআইআর নথিভুক্ত করার জন্য নির্দেশ দেয়।

মামলার অন্য আসামিরা হলেন- হাছানুজ্জামানের স্ত্রী আয়েশা বেগম, নুরুজ্জামানের স্ত্রী এলাপি খাতুন ও উত্তর রায়পুর গ্রামের মৃত ইউছুফ আলী মোল্লার ছেলে শাহ আলম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃদ্ধ বাদশা মিয়ার সঙ্গে প্রতারণা করে হাছানুজ্জামান ও নুরুজ্জামান ১০৭ শতাংশ জমি লিখে নেন। এরপর থেকে হাছানুজ্জামান তার ঘরের একটি কক্ষে বাবাকে আটকে রাখেন। অপর ছেলে আলম ও ৩ মেয়ের সঙ্গে বাদশাকে যোগাযোগ করতে দিচ্ছিলেন না। পরবর্তীতে জমি লিখে নেওয়ার বিষয়টি জানতে পেরে আলম ও তিন মেয়ে বিষয়টি বাবাকে জানায়।

এতে বাদশা জমির দলিল বাতিল করার জন্য আদালতে মামলা করার সিদ্ধান্ত নেন। বিষয়টি জানতে পেরে গত ৬ জুলাই রাতে তাকে (বাদশা) অভিযুক্তরা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। এতে হাছানুজ্জামানের ঘরেই তিনি মারা যান। খবর পেয়ে ছেলে আলম ও তিন মেয়ে ঘরে ঢুকে দেখেন বাদশার মাথা ও ডান হাত রক্তাক্ত। এ ঘটনায় বাবার মরদেহ দাফনে তারা বাধা দেন। পরে জোরপূর্বক মরদেহ দাফন করেন আসামিরা। তারা এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বাদীসহ সাক্ষীদের হুমকি দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তারা থানা পুলিশ হেফাজতে আছে। তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com