শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে ইসি অনুসন্ধান কমিটির সাক্ষাৎ সন্ধ্যায়

রাষ্ট্রপতির সঙ্গে ইসি অনুসন্ধান কমিটির সাক্ষাৎ সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক:: আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য নবনিযুক্ত ছয় সদস্যের অনুসন্ধান কমিটি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নবনিযুক্ত এই অনুসন্ধান কমিটি বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২-এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদানের জন্য আইনের বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে গঠিত এই অনুসন্ধান কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

এদিকে অনুসন্ধান কমিটির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশন নিয়োগ আইন ২০২২ মোতাবেক দায়িত্ব ও কার্যবিধি সম্পন্ন করবেন। সেক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com