রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
রংপুর প্রতিনিধি:: রংপুরের একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রী, তাদের ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ১১ টায় দিকে নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ার বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। থানা পুলিশ, সিআইডি পুলিশ ও পিবিআই ঘটনার তদন্তের জন্য আলামত সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন- গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
পুলিশ জানায়, স্কুলশিক্ষকের বাসাটি বেশ কিছু দিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ ছিল। সাড়াশব্দ না পেয়ে এবং ভেতর থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়দের সন্দেহ হয়। খবর দিলে শনিবার (২২ আগস্ট) রাতে পুলিশ গিয়ে তালা ভেঙে ঘরের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। গণপতি চক্রবর্তী গত ডিসেম্বরে শিক্ষকতা পেশা থেকে অবসর যান। এরপর তিনি রংপুর সমবায় মার্কেটে হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসাসেবা দিতেন।
এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বা পারিবারিক কোনো ট্র্যাজেডি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের সাংবাদিকদের বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থার তদন্ত টিম কাজ করছে। তারা কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন।
রংপুর সিআইডি পুলিশের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার সুমির চক্রবর্তী জানান, অধিকতর তদন্তের জন্য উপাদান সংগ্রহ করা হয়েছে। ক্রাইম সিনে আলামত সংগ্রহ এবং ময়না তদন্ত শেষে ঘটনার কারণ জানা যাবে। তবে ডাকাতির উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে বলে সিআইডি পুলিশ ধারণা করছে।
একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে।