শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

যুদ্ধাপরাধ মামলা: হবিগঞ্জে একজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জ জেলার লাখাই থানার মাওলানা শফিউদ্দিনকে মৃত্যুদণ্ড ও তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামি সাব্বির আহমেদকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন।

আমৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. তাজুল ইসলাম (৮০), মো. জাহেদ মিয়া (৬২) ও ছালেক মিয়া।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। আসামিপক্ষে ছিলেন আব্দুস সাত্তার পালোয়ান, গাজী এম এইচ তামিম।

এর আগে গত ২৮ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় সিলেটের হবিগঞ্জ জেলার লাখাই থানার মাওলানা শফি উদ্দিনসহ পাঁচজনের রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

২০১৮ সালের ২১ মার্চ এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে তদন্ত সংস্থা। পরে তারা প্রসিকিউটর বরাবর প্রতিবেদন দাখিল করে। প্রসিকিউশন এ আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ১৭ মে রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।

আসামিদের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধে মোট দুটি অভিযোগ আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com