মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দিলে ‘আমরা হেরে যাব’: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফক্স নিউজকে বলেছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক সহায়তা কমিয়ে দেয়, তাহলে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে হেরে যাবে।

বুধবার (২০ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। তবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ধারণা করা হচ্ছে তিনি হয়তো ইউক্রেনের জন্য সহায়তা কমাবেন। এতে যুদ্ধে পরাজয়ের আশঙ্কা করছেন জেলেনস্কি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দিলে ‘আমরা হেরে যাব’।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি তারা সহায়তায় কাট-ছাট করে, তাহলে আমরা/আমি মনে করি, আমরা হারব।

ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট আরও বলেন, আমরা লড়াই করব। আমাদের নিজস্ব উৎপাদন আছে, কিন্তু তা যুদ্ধে জয় পাওয়ার জন্য যথেষ্ট নয়। এবং আমি মনে করি এটি (লড়াইয়ে) টিকে থাকার জন্যও যথেষ্ট নয়।

২০২২ সালে রাশিয়ান আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ও সামরিক সহায়তা দিয়েছে তার একজন কট্টর সমালোচক হচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে তিনি কীভাবে তা করবেন তা বিস্তারিতভাবে বলেননি। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে মার্কিন সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ট্রাম্পের মিত্ররা।

এ বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি তার সাক্ষাৎকারে ফক্স নিউজকে বলেন, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, ট্রাম্প এই যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করতে পারেন, কারণ তিনি পুতিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। পুতিন রাজি হতে পারেন এবং এই যুদ্ধের অবসান ঘটাতে পারেন, তবে এটি যুক্তরাষ্ট্রের ওপর অনেক বেশি নির্ভর করছে। কারণ পুতিন যুক্তরাষ্ট্রের চেয়ে দুর্বল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com