বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
বুধবার (৪ জানুয়ারি) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।
নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় মেয়র তাপসকে নিয়ে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে অজ্ঞাত ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে ২৮ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মেয়রের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন।
২ জানুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. রাকিবুর রহমান ফাহিম এ মামলায় গ্রেপ্তার হয়ে তিন দিনের রিমান্ডে রয়েছেন। ২ জানুয়ারি আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।