শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৭২ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে: পেট্রোবাংলা নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নতুন বছরের প্রথম দিন তথা আগামীকাল বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ৭২ ঘণ্টা বন্ধ থাকবে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল। ফলে এ সময় সারাদেশে গ্যাস সরবরাহ সাময়িক হ্রাস পাবে ও স্বল্পচাপ বিরাজ করবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীস্থ এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে মোট ৭২ ঘণ্টা আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়কালে অপর এফএসআরইউ (মহেশখালী ভাসমান এলএনজি) দিয়ে দৈনিক প্রায় ৫৭০-৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এর ফলে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ১৫০-১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাবে।
এ ছাড়া অন্যান্য খাতে প্রায় দৈনিক প্রায় ৫০-৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলেও জানিয়েছে পেট্রোবাংলা।
জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।