সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জনই মেক্সিকান নাগরিক। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন যাত্রী। দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রীদের মধ্যে অনেকে অভিবাসী ছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মেক্সিকোর মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৫ জন মেক্সিকান এবং একজন ভেনেজুয়েলার নাগরিক মারা গেছেন বলে মেক্সিকোর আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউটের কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন।

আইএনএম বলেছে, দুর্ঘটনা কবলিত বাসটিতে ৫২ জন আরোহী ছিল এবং বাসটি মেক্সিকোর মিয়াহুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসে ভ্রমণকারী ৫২ জন যাত্রীর মধ্যে ভেনেজুয়েলার নাগরিক ছিলেন ১০ জন। যুক্তরাষ্ট্রে বৈধ ভাবে প্রবেশের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।

পৃথক এক বিবৃতিতে মেক্সিকোর পুয়েবলা প্রদেশের কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার ভোরের দিকে একটি ট্রেলারের সাথে বাসটির সংঘর্ষ হয় এবং এতে ১৬ জন নিহত হন। এছাড়া আহত ৩৬ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আইএনএম এর তথ্য অনুসারে, আহতদের মধ্যে নয়জন ভেনিজুয়েলার নাগরিক এবং তাদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের মরদেহ ভেনেজুয়েলায় ফেরত পাঠানোর জন্য সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

স্থানীয় গণমাধ্যম অবশ্য এর আগে জানিয়েছিল, দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই ভেনেজুয়েলার অভিবাসী।

উল্লেখ্য, মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। চলতি মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহত হন ১৮ জন। এর আগে গত মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন।

এছাড়া চলতি বছরের এপ্রিলে পশ্চিম মেক্সিকোতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ার পর ১৮ জন মারা গিয়েছিলেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। নিহতদের সবাই ছিলেন অভিবাসী।

এছাড়া ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার মুখে পড়ার পর ৫৪ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com