বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

মির্জা ফখরুল ও আব্বাসসহ ২২৪ জনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলায় উসকানি ও পরিকল্পনার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালত জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য জানান।

জামিন আবেদনে উল্লেখ্য অপর দুই জন হলেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে পুলিশ আটক করে বলে বিএনপি নেতারা জানিয়েছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ডিবি পুলিশের একটি দল উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে। ডিবির কর্মকর্তারা ‘ওপরের নির্দেশ’ আছে বলে তাকে নিয়ে যায়।

প্রায় কাছাকাছি সময়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মির্জা আব্বাসকেও শাহজাহানপুরের বাসা থেকে ডিবি পুলিশের সদস্যরা নিয়ে গেছে। রাত সোয়া ৩টার দিকে তাকে তুলে নেওয়া হয়। রাত ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বশীল সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিশ্চিত করেন, বিএনপির মহাসচিব ও মির্জা আব্বাসকে ডিবি অফিসে নেওয়া হয়েছে।

গত ৯ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। ১১ ডিসেম্বর জামিনের আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমের আদালত শুনানির জন্য আজ এ দিন ধার্য করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com