মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

বিএনপি নেতা ড. মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

একুশের কণ্ঠ ডেস্ক:: ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচি থেকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ তিন জনকে আটকের পর আবার ছেড়ে দিয়েছে পুলিশ।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উত্তরা ১২ নম্বর সেক্টরে মিছিল থেকে তাদের আটক করা হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব ‘রাজবন্দী’র মুক্তি, সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলসহ ‘এক দফা’ দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) এই কর্মসূচির আয়োজন করে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, উত্তরা থেকে ড. আব্দুল মঈন খান, তার পিএস বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন এবং মনিরুজ্জামান নামে বিএনপির এক কর্মীসহ তিন জনকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে গেছে পুলিশ।

পরে বিকাল সোয়া ৩টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ ড. মঈন খানকে ছেড়ে দেয়। পরে তিনি গাড়িতে উঠে বাসার দিকে রওনা হন।

প্রত্যক্ষদর্শী একজন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, উত্তরা ১২ নম্বর সেক্টর কবর স্থানের সামনে থেকে মঈন খানকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

এদিকে ড. মঈন খানকে আটকের বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মো. শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ড. মঈন খানকে আটক করার অভিযোগটি সঠিক নয়। মঈন খানের নেতৃত্বে মিছিল বের হচ্ছিল। সেই মিছিল করতে দেওয়া হয়নি। তিনি তার বাসার উদ্দেশে রওনা দিয়েছেন, তাকে আটক করা হয়নি।’

এদিকে বিএনপির মিডিয়া সেলের আরেক সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, মিরপুর ৬ নম্বর থেকেও মহানগর উত্তর বিএনপির সদস্য (দফতর) জিয়াউর রহমানসহ বেশ কয়েকজন নেতাকর্মী আটক হয়েছেন।

এছাড়াও মিছিল থেকে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ চার জনকে আটক করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। অন্য তিন জনের নাম এখনও জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com