শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

ভোর রাতে রাস্তায় মিলল ব্যাগভর্তি ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে রাতভর পাহারা শেষে ভোরে ফেরার সময় ব্যাগভর্তি ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে । পরে ওই টাকা বোয়ালিয়া থানায় জমা দিয়েছেন শিক্ষার্থীরা । এই টাকা কোত্থেকে এসেছে তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।

আজ রবিবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে নগরীর ভদ্রা এলাকার একটি গলি থেকে এসব টাকা উদ্ধার করা হয় ।
পরে সকাল ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজের কাছে টাকাগুলো জমা দেন ।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেন ।

থানায় টাকা জমা দিতে এসেছিলেন নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলীসহ কয়েকজন শিক্ষার্থী । তাদের বাড়ি ভদ্রা এলাকায় ।

আকাশ জানান, নিরাপত্তা নিশ্চিত করতে তারা রাতভর নগরীর ভদ্রা এলাকায় অবস্থান করেন। রাতে পাহারার দায়িত্ব শেষে তারা ভোরে বাসায় ফিরছিলেন । তখন এলাকার একটি ছাত্রাবাসের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন ।

আকাশ আরো জানান, এরপর ব্যাগটিতে লাথি দিলে ভেতরে কিছু আছে বলে মনে হয় ।
তখন তারা ব্যাগটি খুলে দেখেন, ভেতরে ১০০ টাকার নোটের ১৮টি বান্ডেল । মোট টাকার পরিমাণ ১৮ লাখ । ব্যাগে তারা টাকার পাশাপাশি সোনালি রঙের একটি ধাতব বস্তুও দেখতে পান । তাতে ১৮টি ছিদ্র রয়েছে । এটি কোনো সংকেত বলে তাদের ধারণা ।
পরে তারা সব কিছু থানায় এনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দেন ।

বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো এখন রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে । পাশাপাশি এই টাকার মালিক কে, এগুলো অবৈধ টাকা কি না বা কোনো অপরাধী টাকা বহন করার সময় তা পড়ে গেছে কি না তা তদন্ত করা হবে । তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com